বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জনপ্রিয়তা নয়, সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা। ‘জনপ্রিয়তাবাদী নাকি দায়িত্বশীল সাংবাদিকতা’—এই তাৎপর্যপূর্ণ বিষয়কে সামনে রেখে সোমবার শিলচরে পালিত হলো জাতীয় প্রেস দিবস ২০২৬। জেলা আয়ুক্তের কার্যালয়ের নিউ কনফারেন্স হলে কাছাড় জেলা প্রশাসন এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডিসি রাজীব রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালোয়ার। পাশাপাশি কাছাড় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপিকা ড. পরমিতা দাস, শ্রীভূমির আরএস গার্লস কলেজের সহকারী অধ্যাপক ড. হুসেন মহম্মদ বজলুন নূর এবং প্রবীণ সাংবাদিক উত্তম সাহা।

আলোচনায় উঠে আসে বর্তমান সময়ে সাংবাদিকতার নৈতিকতা, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ।
বক্তারা বলেন, জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় যেন সাংবাদিকতার মূল আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা কোনোভাবেই বিসর্জিত না হয়। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করাই হওয়া উচিত সাংবাদিকতার প্রধান লক্ষ্য।



