বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. নিলেন্দু ধর এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীলসহ বিভাগের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন হিন্দি দৈনিক প্রেরণা ভারতী’র সম্পাদিকা সীমা কুমারী, দৈনিক সাময়িক প্রসঙ্গ’র সহকারী সম্পাদক আশু চৌধুরী, বার্তালিপি’র নিউজ এডিটর দেবাশিস পুরকায়স্থ এবং দৈনিক যুগশঙ্খের সহ-সম্পাদক রত্নদীপ দেব।

আলোচনায় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের বাকি তিনটি স্তম্ভের কার্যপ্রণালী জনগণের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংবাদমাধ্যম। তাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। শৈক্ষিক নিবন্ধক ড. নিলেন্দু ধর জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

সীমা কুমারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাংবাদিকতাকে শুধু জীবিকা নির্বাহের পেশা হিসেবে নয়, দেশসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও গ্রহণ করা উচিত। এদিন তিনি ‘প্রেরণা ভারতী’র মাসিক পত্রিকা থেকে দৈনিক সংবাদপত্রে রূপান্তরের অভিজ্ঞতাও তুলে ধরেন।

আশু চৌধুরী বলেন, ডিজিটাল মাধ্যমের দ্রুত প্রসারের ফলে মুদ্রণ সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাঁর মতে, সংবাদ পরিবেশনে গতির চেয়ে তথ্যের যথার্থতা ও বস্তুনিষ্ঠতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেবাশিস পুরকায়স্থ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তুলে বলেন, বর্তমানে অনেকেই এআই-নির্ভর সংবাদ পরিবেশনের দিকে ঝুঁকছেন। তবে সংবাদ পরিবেশনে মানবিক বুদ্ধিমত্তা ও বিবেচনাবোধের গুরুত্ব অপরিসীম। এজন্য সাংবাদিকদের নিয়মিত পড়াশোনা এবং লেখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। রত্নদীপ দেব বলেন, প্রকৃত সাংবাদিক হয়ে উঠতে হলে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ডিজিটাল যুগে তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রতিটি তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. অভিজিৎ নাথ ভারতীয় ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে নারদ মুনিকে সাংবাদিকতার আদি প্রেরণা হিসেবে অভিহিত করেন। পাশাপাশি মহাভারতের সঞ্জয়কে চিত্র সাংবাদিকের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর কথায়, সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। এই অঞ্চলের ঐতিহাসিক বিষয়গুলি লেখালেখির মাধ্যমে বৃহত্তর জনসমাজের সামনে তুলে ধরতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে আঞ্চলিক সংবাদমাধ্যমের নিবিড় যোগাযোগ অত্যন্ত জরুরি। অভিজ্ঞ সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়, ইন্টার্নশিপ এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে আগামী দিনে দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের শিক্ষক ড. জ্যোতিষ দত্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. দেবশ্রী দাস।

এদিন কাজিরাঙার রঙাজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রী পাঞ্চালি চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



