বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : সোনাই এমসিডি কলেজের গভর্নিং বডির নয়া সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন শিলচর কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধিকর্তা পোমী বরুয়ার স্বাক্ষরিত গত ৫ নভেম্বর এক সরকারি নির্দেশ (ই-৮১০০১৪/৮-এ) মারফত তাঁকে এই পদে নিযুক্ত করা হয়েছে।
১৩ সদস্যবিশিষ্ট গভর্নিং বডির সম্পাদক হিসেবে পদাধিকারবলে (এক্স-অফিসিও) কলেজের অধ্যক্ষকে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি কলেজের উপাধ্যক্ষকেও পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত নীতি ও নির্দেশিকা অনুযায়ী আগামী দিনে সভার মাধ্যমে বাকি সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য একসময় শিলচর কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিশ্ব হিন্দু পরিষদের অসমের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজেপিতে সরাসরি যুক্ত হওয়ার পর তিনি বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

সোনাই এমসি দাস কলেজের গভর্নিং বডির সভাপতি পদে তাঁর এই নিযুক্তিতে বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁদের মতে, তাঁর অভিজ্ঞতা ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকাণ্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার পরিবেশের উন্নয়নে সহায়ক হবে।



