বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বাংলা সঙ্গীত ও সংস্কৃতির জগতে নতুন স্বপ্ন, নতুন ভাবনা ও সৃজনশীল উদ্যোগ নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে As Global Studio। স্টুডিওর প্রথম প্রযোজনা হিসেবে আগামী ৩০ নভেম্বর মুক্তি পেতে চলেছে আবেগঘন মিউজিক ভিডিও অ্যালবাম ‘বন্ধে প্রেমের মূল্য বুঝে না’। ওই দিন সন্ধ্যা ঠিক ৭টায় As Global Studio-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশিত হবে।
ভালোবাসা, প্রেম, বিরহ এবং প্রিয় মানুষকে না পাওয়ার বেদনা—এই সমস্ত অনুভূতির মেলবন্ধনে নির্মিত হয়েছে অ্যালবামটি। একজন নারীর ভালোবাসা, আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং প্রিয় মানুষকে ঘিরে তাঁর অসহায়তার কাহিনি সংগীত ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরার প্রয়াস রয়েছে এই প্রযোজনায়। আবেগঘন গল্পের মধ্য দিয়ে দর্শকদের হৃদয় স্পর্শ করাই নির্মাতাদের মূল লক্ষ্য।
অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান সংগীতশিল্পী মমতা পাল। গীতিকার সমরজিৎ দে, সুরারোপ করেছেন নির্মল পাল এবং সংগীত পরিচালনা ও আয়োজনের দায়িত্বে রয়েছেন প্রান্তিক রায়। অ্যালবামের গল্প ও মূল ভাবনায় রয়েছেন বিপুল চন্দ্র, সহযোগিতায় সমরজিৎ দে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সমরজিৎ দে। ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছেন সানি কূল। সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজ সামলেছেন সমরজিৎ দে ও সানি কূল। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আয়াজ লস্কর।

ভিডিওতে অভিনয় করেছেন পূর্বা ভট্টাচার্য, রিয়া চন্দ্র, সপ্তরাজ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা দাস। বিশেষ সহযোগিতায় রয়েছে উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র। পাশাপাশি রুমা দে সেন, দীপা দাস, পূর্ণিমা দেব, সাহারুল বড়ভূইয়া, ইফতিকার আলম সুমন, বাবোল হোসেন লস্কর ও আকিব হোসেন লস্কর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সাজসজ্জার দায়িত্বে রয়েছেন আয়াজ লস্কর, সমরজিৎ দে, সাহারুল বড়ভূইয়া ও গোবিন্দ তালুকদারসহ অন্যান্যরা। প্রযোজনাটিকে সার্থক করে তুলতে শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং বিভিন্ন বিভাগের কলাকুশলীরা সম্মিলিতভাবে কাজ করেছেন।
As Global Studio-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম প্রযোজনাতেই দর্শকদের সামনে ব্যতিক্রমী স্বাদের একটি আবেগঘন কাহিনি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ভালোবাসার গভীরতা, সম্পর্কের জটিলতা এবং প্রিয় মানুষকে ঘিরে নানা অনুভূতি সংগীত ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নতুন এই উদ্যোগ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী স্টুডিওর সংশ্লিষ্টরা।

বাংলা সঙ্গীতের জগতে নিজস্ব পরিচিতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে As Global Studio-র এই নতুন যাত্রা ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। প্রথম প্রযোজনার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি আগামী দিনে আরও নতুন ও সৃজনশীল কাজ উপহার দেওয়ার প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্ট মহলের।
উল্লেখ্য, ‘বন্ধে প্রেমের মূল্য বুঝে না’ মিউজিক ভিডিও অ্যালবামটি আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যা ঠিক ৭টায় As Global Studio-র অফিসিয়াল YouTube চ্যানেলে মুক্তি পাবে। নতুন এই সংগীত প্রযোজনা উপভোগ করতে সংগীতপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে স্টুডিও কর্তৃপক্ষ।



