আইন নয়, সমস্যার মূল তার অপপ্রয়োগে; দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার উপর জোর কিরণ বেদীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : আইনের অপব্যবহার এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাই সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি করছে। সমস্যাটা আইনের মধ্যে নয়, বরং আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তার মধ্যেই নিহিত রয়েছে। শনিবার আগরতলায় আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক তথা পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ড. কিরণ বেদী।

জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় পঞ্চম ‘ত্রিপুরা ডায়ালগ ফোরাম টক’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিত্ব ড. কিরণ বেদী। তাঁর সঙ্গে আয়োজিত বিশেষ কথোপকথন পর্বে আইন, পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

নিজের বক্তব্যে কিরণ বেদী বলেন, অনেক সময় পুলিশও নিজেদের মতো করে আইনের ব্যাখ্যা করে। আবার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একাংশ ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি আইনজীবী থেকে শুরু করে বিচারব্যবস্থার প্রতিটি স্তরেই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আইনের অপব্যবহার ধীরে ধীরে গোটা ব্যবস্থাকে দূষিত করে তোলে। সময়মতো এই প্রবণতা রোধ করা না গেলে তা ক্যানসারের মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। কোনও ব্যক্তি আইন ভঙ্গ করার পরও নিজের অন্যায়ের পক্ষে সাফাই দিলে এবং বিচারব্যবস্থা যথাসময়ে শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে সাধারণ মানুষের মনে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
কিরণ বেদীর মতে, আইনের শাসন প্রতিষ্ঠা শুধু আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর জন্য প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা, পুলিশের দায়িত্বশীল ভূমিকা, আইনের প্রতি শ্রদ্ধা এবং দ্রুত বিচার নিশ্চিত করা। বিচারপ্রক্রিয়ায় পক্ষপাতিত্ব কিংবা দায়িত্বে অবহেলা থাকলে তার প্রভাব গোটা ব্যবস্থার উপর পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উপাচার্য, আইন বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঞ্চম ত্রিপুরা ডায়ালগ ফোরাম টকের এই বিশেষ পর্বে আইন ও প্রশাসনের বাস্তব সমস্যা নিয়ে কিরণ বেদীর অভিজ্ঞতাসম্পন্ন বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *