শিলচরে ২০ নভেম্বর থেকে শুরু ২৩তম অসম রাজ্য মুই থাই চ্যাম্পিয়নশিপ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : মার্শাল আর্টপ্রেমীদের জন্য সুখবর। শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ২৩তম অল অসম মুই থাই চ্যাম্পিয়নশিপ ২০২৬। আগামী ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই রাজ্যস্তরের প্রতিযোগিতার আসর বসবে। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিলচরের তারাপুরের মণিপুরি লেনস্থিত শ্রীগোবিন্দ মন্দির ও কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। এতে অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান মুই থাই খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সেরা দলের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে বেস্ট টিম ট্রফি।

অল কাছাড় অ্যামেচার মুই থাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দ্য কাংলাশা মার্শাল আর্টস অ্যাকাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের মুই থাই খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তাঁদের জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এই চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফলের মাধ্যমে ২০২৭ সালের জাতীয় মুই থাই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পথ সুগম হবে প্রতিযোগীদের।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা খেলোয়াড়দের সাহস, শৃঙ্খলা, কৌশলগত দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। রাজ্যে মুই থাই খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রতিভা তুলে ধরার ক্ষেত্রেও এই আসর বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ৭০০২৪১৩৭৮৯ এবং ৯৯৫৭০৫৫৬৭৭ নম্বরে যোগাযোগের আবেদন জানিয়েছেন আয়োজকরা। ‘এক রাজ্য, এক খেলা, আরও শক্তিশালী অসম’—এই লক্ষ্যকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া প্রতিযোগিতার দিকে এখন তাকিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *