আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের গুরুত্বকে সামনে রেখে নারীকল্যাণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে সোনাই শহরে পাঠকুরালা স্কুলে যথাযোগ্য মর্যাদায় শনিবার শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জমিদাতা তথা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিতাংশু চক্রবর্তী।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাবিদ, সমাজকর্মী ও স্কুল পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত থেকে শিশুদের সার্বিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর। তিনি তাঁর বক্তব্যে শিশুদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও নৈতিক বিকাশের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব শুধু বিদ্যালয়ের শিক্ষকদের নয়।পরিবার ও সমাজকেও সমান দায়িত্ব পালন করতে হবে। শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন, সঠিক শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলেই আগামী দিনের সুস্থ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. হামিদা খাতুন, অধ্যাপিকা কেডি নেহা, নারীকল্যাণের সভানেত্রী রঞ্জিতা তিওয়ারী, তৈবি সিংহ, সিআরসি বাবুল আহমদ লস্কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা পুরকায়স্থ, সহকারী শিক্ষক শাহিন আক্তার বড়ভূঁইয়া, স্কুল পরিচালন কমিটির সভানেত্রী ঝুমা দাস এবং সহ-সভাপতি মৃদুল দাস। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে শিশুদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং একটি নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সভাপতির বক্তব্যে সিতাংশু চক্রবর্তী শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের ভূমিকা এবং শিক্ষক, অভিভাবক ও সমাজের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
নারীকল্যাণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এই উদ্যোগ শিশুদের সার্বিক বিকাশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়, পরিবার ও সমাজের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।



