১৩ নভেম্বর : পাকিস্তানের বালোচিস্তানে একটি সামরিক ছাউনিতে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বালোচিস্তানের মাসতুং জেলার কনক এলাকায় এই ঘটনাটি ঘটে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, বিএলএ-র আত্মঘাতী শাখা ‘মাজিদ ব্রিগেড’ বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনাশিবিরে ঢুকে পড়ে তীব্র বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় ছাউনির ভেতর একজন কর্নেল পর্যায়ের সেনা কর্মকর্তার সঙ্গে স্থানীয় আধিকারিকদের একটি বৈঠক চলছিল বলে জানা যাচ্ছে।

সম্প্রতি ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন রাদ উল ফিতনা’ (Operation Radd-ul-Fitna) শুরু করে। সেই অভিযানের মাধ্যমে বিদ্রোহীদের তৈরি একাধিক গোপন সুড়ঙ্গ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করার দাবি জানায় সেনা। সেই সামরিক পদক্ষেপের পাল্টায় শুক্রবার সেনাশিবির লক্ষ্য করে এই ফিদায়েঁ হামলা চালানো হয় বলে সূত্রের দাবি।

এ ছাড়া বালোচিস্তানের মুশাখেল এবং মাসতুং-এর একটি সেতুর নিচেও পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে বুধবার খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর হামলায় ১৩ জন পুলিশকর্মীর প্রাণহানি ঘটেছিল।




