১৩ নভেম্বর : পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটলেও দেশে পেট্রলের ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ পদক্ষেপ করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পরিস্থিতির কারণে ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকলেও কৃষক ও সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্র মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকার আর্থিক বোঝা সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে।
বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে আয়োজিত ‘কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে কেন্দ্রকে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযান এবং পরবর্তী সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণ ব্যাহত হয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছয় বলে উল্লেখ করেন মোদী। তাঁর দাবি, প্রতিবেশী কয়েকটি দেশে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হলেও ভারত সরকার সেই পথে হাঁটেনি।

শুধু জ্বালানি নয়, কৃষকদের জন্য সারের দাম নিয়ন্ত্রণেও কেন্দ্র বিপুল অর্থ ব্যয় করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করতে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের সারের দামের তুলনা টেনে মোদি বলেন, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি সারের দাম প্রায় ৫ হাজার টাকা হলেও ভারতীয় কৃষকদের তা মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে। একইভাবে আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়ার দাম প্রায় ৩ হাজার টাকা হলেও দেশের কৃষকরা ৩০০ টাকার কমে তা কিনতে পারছেন। তাঁর কথায়, ১৬ লক্ষ কোটি টাকা অত্যন্ত বড় অঙ্ক, যা বিশ্বের বহু দেশের বার্ষিক বাজেটের সমান।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির প্রভাব থেকে কৃষকদের সুরক্ষিত রাখতেই সরকার এই আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এদিন দেশের কৃষি ও অর্থনীতির অগ্রগতির প্রসঙ্গও তুলে ধরেন মোদি। তাঁর দাবি, স্বাধীনতার পর এই প্রথম ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের গণ্ডি অতিক্রম করেছে। পাশাপাশি বিশ্বব্যাঙ্কের সমীক্ষার উল্লেখ করে তিনি জানান, গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন।



