বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে ইরানের হামলার দাবি, সিরিকে বিস্ফোরণ ঘিরে উত্তেজনা

Spread the news

১৩ নভেম্বর : হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।

শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর কথিত আকাশপথের উসকানি এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবেই বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি এই হামলাকে গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স যেকোনো পরিস্থিতিতে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় সামরিক হামলার খবর প্রকাশ্যে আসে। হরমুজ প্রণালির কাছাকাছি এই এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, সিরিক এলাকায় ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। সংবাদ সংস্থাটি হামলাটিকে সামরিক ধরনের বলে উল্লেখ করলেও কারা এই হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রথম দিকে জানিয়েছিল, সিরিক এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও কয়েকটি সূত্রের ধারণা ছিল, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর ফলেই ওই শব্দ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *