শ্রীভূমি পুলিশের অভিযানে উদ্ধার ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার দুই

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : সুতারকান্দি থেকে শহরে মাদক পাচারের সময় ধরা পড়ল একটি অটো। উদ্ধার করা হয় ২ কেজিরও বেশি মাদক। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটো থেকে ২০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শ্রীভূমি সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির সম্মিলিত ওজন ২,০২০.৬৪ গ্রাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি এলাকা থেকে একটি অটো করে বিপুল পরিমাণ মাদক শ্রীভূমি শহরে নিয়ে আসা হচ্ছে বলে গোপন খবর পায় পুলিশ। AS10C4812 নম্বরের অটোটি গিরিশগঞ্জ হয়ে শহরে প্রবেশ করতে পারে বলে খবর পাওয়ার পরই সম্ভাব্য রাস্তাগুলিতে নজরদারি জোরদার করা হয়।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ পানিঘাট বাজার এলাকায় বিশেষ তল্লাশির ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন অটোটি সেখানে পৌঁছালে সেটিকে আটক করা হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল শ্রীভূমির খুজাব (আকবরপুর) এলাকার নজরুল ইসলাম এবং পানিঘাট গ্রামের সামিম আহমদ।

পুলিশ উদ্ধার হওয়া মাদক, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী এনডিপিএস আইনের অধীনে বাজেয়াপ্ত করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *