চেরাগিতে সেগুন কাঠ পাচারের অভিযোগ, কাঠগড়ায় বন দপ্তর!

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : শ্রীভূমি জেলার চেরাগি সংরক্ষিত বনাঞ্চলে সেগুন কাঠ পাচারের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার অভিযোগের তীর সরাসরি চেরাগি রেঞ্জারের দিকে। অভিযোগ, গভীর রাতে সেগুন কাঠ বোঝাই দু’টি সন্দেহজনক গাড়ি আটক করার পর সেগুলির ছবি তোলা হলেও রহস্যজনকভাবে কোনও দৃশ্যমান আইনি ব্যবস্থা ছাড়াই গাড়ি দুটিকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতের।

অভিযোগ অনুযায়ী, চেরাগি রেঞ্জ অফিসের সামনে TR05 F 1591 এবং TR05 B 1823 নম্বরের দু’টি সেগুন কাঠ বোঝাই গাড়ি এসে পৌঁছায়। বিষয়টি নজরে আসতেই রেঞ্জার ও বনকর্মীরা গাড়ি দু’টি আটক করেন এবং ছবি তোলেন। কিন্তু পরবর্তীতে গাড়ি দু’টি কেন এবং কীসের ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এই পরিস্থিতিতে শ্রীভূমির ডিএফও এবং রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার কাছে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীদের দাবি, আটক হওয়া গাড়ি দুটির নথিপত্র যাচাই, সংশ্লিষ্ট কাঠের মিলগুলির বিষয়ে তদন্ত এবং রেঞ্জার সঞ্জয় গোয়ালার ভূমিকা খতিয়ে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *