সিন্ডিকেটের কবলে বৈধ সুপারি ব্যবসা! বালাছড়ায় টাকার বিনিময়ে ছাড়, কালাইনছড়ায় বাধা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : স্থানীয় সুপারি পরিবহনকে কেন্দ্র করে কাছাড় জেলার কালাইন ও বৃহত্তর কাটিগড়া এলাকায় ক্রমেই বাড়ছে ক্ষোভ। অভিযোগ, বালাছড়া টোলগেট দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বিঘ্নে সুপারি বোঝাই ট্রাক চলাচল করতে পারলেও কালাইনছড়া টোলগেট দিয়ে বৈধ স্থানীয় সুপারি পরিবহনে বাধা সৃষ্টি করা হচ্ছে। কথিত এই দ্বিমুখী নীতির জেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সুপারি চাষি, ব্যবসায়ী ও পরিবহন কর্মীরা। অবিলম্বে সমস্যার সমাধান না হলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী ও গাড়ি চালকদের অভিযোগ, বালাছড়া টোলগেট কেন্দ্রিক একটি সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য চলছে। চার চাকার এস এম এল ট্রাকের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং বড় ট্রাকের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে দাবি তাঁদের। অভিযোগ, এই অর্থ পরিশোধ করলেই বালাছড়া হয়ে হাফলংয়ের পথে নির্বিঘ্নে সুপারি পরিবহন করা যাচ্ছে। অথচ একই এলাকার বৈধ সুপারি কালাইনছড়া টোলগেট দিয়ে মেঘালয়ে নিয়ে যেতে গেলেই পুলিশি বাধা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

এই বৈষম্য নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ব্যবসায়ীদের বক্তব্য, সুপারি বৈধ হলে এক রুটে পরিবহনে বাধা নেই, অথচ অন্য রুটে কেন এই প্রতিবন্ধকতা? তাঁদের অভিযোগ, কালাইনছড়া দিয়ে পরিবহন ব্যাহত করে বালাছড়া টোলগেটকেন্দ্রিক কথিত সিন্ডিকেটের ব্যবসার পথ প্রশস্ত করা হচ্ছে।

পরিবহনের এই জটিলতার সবচেয়ে বড় মাশুল গুনতে হচ্ছে স্থানীয় চাষিদের। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচ ও বাজারজাত করার অনিশ্চয়তার কারণে উৎপাদিত সুপারি অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন অনেকে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছে সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় অর্থনীতিও।
পরিস্থিতি স্বাভাবিক করতে এবার সরাসরি রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ চেয়েছেন সুপারি ব্যবসায়ীরা। প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তাঁদের হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে কালাইনছড়া টোলগেট দিয়ে বৈধ স্থানীয় সুপারি পরিবহনের ব্যবস্থা নিশ্চিত না হলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হবে।

এদিকে, এই সংকটে কর্মহীনতার আশঙ্কায় রয়েছেন কালাইন এলাকার প্রায় ৪০ থেকে ৫০ জন বলেরো পিকআপ চালক। তাঁদের অভিযোগ, গাড়িতে সুপারি বোঝাই করলেই কালাইনছড়া টোলগেটে পুলিশ গাড়ি আটকে দিচ্ছে। ফলে নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় গাড়ির কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। সমস্যা সমাধানে চার দিনের সময়সীমা দিয়ে চালকরাও বৃহত্তর গণআন্দোলন এবং ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

সব মিলিয়ে সুপারি পরিবহনকে ঘিরে কালাইন ও কাটিগড়ায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ব্যবসায়ী, চাষি ও গাড়িচালকদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার। কথিত সিন্ডিকেটের প্রভাব খতিয়ে দেখে বৈধ পরিবহনে সমান সুযোগ নিশ্চিত করা হবে, নাকি শেষ পর্যন্ত অবরোধের জেরে অচল হয়ে পড়বে জাতীয় সড়ক – সেদিকেই নজর স্থানীয় মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *