হজ ২০২৭-কে সামনে রেখে শিলচরে সচেতনতামূলক সভা ১৪ নভেম্বর

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ২০২৭ সালের পবিত্র হজযাত্রাকে সামনে রেখে সম্ভাব্য হজযাত্রীদের সচেতন করতে আগামী ১৪ নভেম্বর শিলচরে আয়োজন করা হয়েছে এক বিশেষ সচেতনতামূলক সভা। হজযাত্রার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, নিয়মকানুন, প্রয়োজনীয় নথিপত্র এবং যাত্রাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরাই এই সভার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তথ্য জানান হামদান ট্রাভেল সার্ভিসেসের মাধ্যমে হজ পালন করা শিলচরের তিন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী তৈমুর রাজা চৌধুরী, সমাজসেবী আলতাফ হোসেন চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মিলন উদ্দিন লস্কর।

সাংবাদিক সম্মেলনে বক্তারা নিজেদের হজযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, পবিত্র হজ পালনের ক্ষেত্রে আগাম প্রস্তুতি এবং সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে হজযাত্রীদের যাত্রা অনেকটাই সহজ ও নির্বিঘ্ন হতে পারে। এই উদ্দেশ্যেই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

কলকাতার হামদান ট্রাভেল সার্ভিসেসের উদ্যোগে ১৪ নভেম্বর শিলচরের মধুরবন্দ এলাকার তাজ ব্লু ডায়মন্ডে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সভা। এতে হজের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, স্বাস্থ্য ও শারীরিক প্রস্তুতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।.সভায় কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার সমস্ত সম্ভাব্য হজযাত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *