অবসরপ্রাপ্ত বনকর্মী দিলওয়ার হোসেন চৌধুরীর প্রয়াত 

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দীর্ঘ ৩৯ বছর বন বিভাগে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন দিলওয়ার হোসেন চৌধুরী। কিন্তু অবসরের মাত্র দু’বছরের মাথায় তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কাছাড় জেলার কাটিগড়ার গুমড়া পাইকান এলাকায়। বয়স হয়েছিল ৬৩ বছর। জানা গেছে, গত ১০ নভেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন দিলওয়ার হোসেন চৌধুরী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কালাইন সিএইচসি-তে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হওয়ার পাশাপাশি গোটা এলাকায় নেমে আসে গভীর শোক।

উল্লেখ্য, বন বিভাগে প্রায় ৩৯ বছর কর্মরত থাকার পর ২০২৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি সহকর্মী ও পরিচিত মহলের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন দিলওয়ার হোসেন চৌধুরী। অবসর গ্রহণের পর নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গুমড়া পাইকানে তাঁর বাড়িতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে। শেষবারের মতো তাঁকে দেখতে বহু মানুষ বাড়িতে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ওইদিন রাতেই ধর্মীয় রীতিনীতি মেনে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন। দীর্ঘদিন বন বিভাগে কর্মরত একজন অভিজ্ঞ কর্মী ও এলাকার পরিচিত ব্যক্তিত্বের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *