স্বচ্ছতা সমীক্ষায় রাজ্যের সেরা স্বচ্ছ শহরের স্বীকৃতি পেল গুয়াহাটি, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ কৌশিকের

Spread the news

১১ নভেম্বর : স্বচ্ছতা সমীক্ষায় রাজ্যের সেরা স্বচ্ছ শহর হিসেবে স্বীকৃতি পেল গুয়াহাটি। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মর্যাদাপূর্ণ ‘স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার’ গ্রহণ করা হয়। পুরস্কার গ্রহণ করেন নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়।

অনুষ্ঠানে গুয়াহাটি পুর নিগমের মেয়র মৃগেন শরণীয়া এবং নগরোন্নয়ন ও গৃহায়ন দফতরের কমিশনার তথা সচিব কবিতা পদ্মনাভন উপস্থিত ছিলেন।

এই সম্মান গুয়াহাটির পরিচ্ছন্নতা অভিযানে নিরলসভাবে কাজ করে যাওয়া সাফাইকর্মী, নগরোন্নয়ন দফতর ও সংশ্লিষ্ট বিভাগগুলির আধিকারিক এবং সচেতন নাগরিকদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গুয়াহাটি গড়ার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

অন্যদিকে, নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে গুয়াহাটি পুর নিগমের বিভিন্ন এলাকায় নালা-নর্দমার সমস্যা নিরসন, আবর্জনা পরিষ্কার এবং শহরের সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই সাফল্যে মন্ত্রী কৌশিক রায়, পুর নিগমের সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের অভিনন্দন জানানো হয়েছে।

পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে এই স্বীকৃতি গুয়াহাটির আগামী দিনের উন্নয়নের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *