১১ নভেম্বর : কাশ্মীর উপত্যকায় ফের রক্তপাত। বুধবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে আচমকাই হানা দিল সশস্ত্র জঙ্গিরা (Kulgam terror attack)। এই অতর্কিত হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) তিন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আহত তিন জওয়ান হলেন রাকেশ দাস, সন্তোষ চান্দ্রু ও সোমভীর সিং। তাঁদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোটা ঘটনায় সমগ্র উপত্যকা জুড়ে তীব্র আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, কুলগাম জেলার মীর বাজারের নিকটবর্তী একটি সেনা চৌকিতে লক্ষ্য করে আততায়ীদের বাইক থেকে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেন জওয়ানরা। এর পরেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই কাশ্মীর জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। গোটা কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই ছত্তিশগড়ের সুকমা জেলায় অবস্থিত অ্যালারমেডগু ক্যাম্পে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময়ে আইইডি (IED) বিস্ফোরণে সিআরপিএফ-এর চারজন সদস্য আহত হন। আহত ব্যক্তিরা সিআরপিএফ-এর ৫০তম ব্যাটালিয়নের ‘অ্যামিউনিশন টেকনিশিয়ান টিম’ (এটিটি)-এর সদস্য ছিলেন। গত ২২ জুলাই অনন্তনাগের লালচকে পুলিশবাহিনীর উপর গোলাবর্ষণ করে জঙ্গিরা। সেই হামলার ঘটনায় এক জন পুলিশকর্মীর মৃত্যু হয়। ফের সেনা চৌকিতে হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।



