ডিগারু রেলস্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি কামরা

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : অসমের ডিগারু রেলস্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হলো ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ মোট পাঁচটি কামরা। বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। তবে স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে কলকাতা-সাইরাং এক্সপ্রেসটি ডিগারু স্টেশনে প্রবেশ করছিল। সেই সময় ট্রেনটির গতি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিলে ইঞ্জিনসহ পাঁচটি কামরা রেললাইন থেকে ছিটকে যায়। আকস্মিক এই ঘটনায় স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

তবে দুর্ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন এবং তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণকাজ শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রেলওয়ের জেনারেল ম্যানেজার-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ওই রেলপথে ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *