বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : স্বচ্ছ ভারত মিশনের অধীনে দীপাবলি উৎসবের পর শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শিলচরে এক বিশেষ গণ-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে প্রেমতলা পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির নিকটবর্তী এলাকা পর্যন্ত এই অভিযান চলে।
শিলচর পুর নিগমের মেয়র অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিংয়ের নেতৃত্বে আয়োজিত এই অভিযানে পুর নিগমের ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর, পুর আধিকারিক, সাফাই মিত্র এবং SWMS দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযানের মাধ্যমে রাস্তার পাশে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি রাস্তার পাশের ব্যবসায়ী ও বিক্রেতাদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা হয়। তাঁদের রাস্তায় যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে জমা রাখার এবং নির্ধারিত সময়ে পুর নিগমের আবর্জনা সংগ্রহকারী গাড়িতে তা তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে মেয়র অমরেন্দ্র পাল শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন। তিনি প্রত্যেককে নিজের বাড়ির সামনের অংশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজের বাড়ির সামনের এলাকা পরিচ্ছন্ন রাখলে গোটা শহরই পরিচ্ছন্ন হয়ে উঠবে। শহরকে সুন্দর ও আবর্জনামুক্ত রাখতে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।



