গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী, বাজি ফাটানোকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত

Spread the news

১০ নভেম্বর : দীপাবলির আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। বাজি ফাটানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত এক সেনা জওয়ান। সোজা মাথায় এসে বিঁধল গুলি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতের গোপালপুর খাড়ানা গ্রামে।

জানা গিয়েছে, আহত জওয়ানের নাম সৌরভ তোমর (২৬)। তিনি রাষ্ট্রপতি ভবনে ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ হিসেবে কাজ করেন। ইতিমধ্যেই মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে খবর, দিওয়ালি উপলক্ষে দু’দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন সৌরভ। রবিবার রাতে বাড়ির সামনের রাস্তায় ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন তিনি। সেই সময়ে প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনু সেখানে এসে বাজি ফাটানো নিয়ে আপত্তি জানান। সৌরভের ভাই বিনীতের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বচসার মধ্যেই ধীরজ দেশি পিস্তল বার করে গুলি চালান বলে অভিযোগ। গুলিটি প্রথমে একটি দেওয়ালে লাগে, তার পর সৌরভের মাথায় আঘাত করে। কানের পিছনের দিকে গুলি ঢুকে মাথার ভিতর আটকে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরিবারের অভিযোগ, সৌরভকে বাঁচাতে এবং ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকেও মারধর করেন অভিযুক্তরা। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ধীরজ ও মনু।

আহত সৌরভকে প্রথমে বড়ৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মিরাট মেডিক্যাল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে মাথায় আটকে থাকা বুলেট বের করা হয়। ভারতীয় সেনার এই জওয়ান বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

সৌরভ ২০২১ সালে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে যোগ দেন। তাঁর বাবা জনকরাজের অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *