মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে চারটি ৭.৬৫ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রেল পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিহারের যুবক রূপেশ কুমারকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রেল পুলিশের বিশেষ তল্লাশি চলাকালীন সন্দেহজনক অবস্থায় রূপেশ কুমারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে চারটি ৭.৬৫ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত যুবক বিহার থেকে আগরতলাগামী যাত্রী ছিলেন। তবে কী উদ্দেশ্যে তিনি এতগুলি আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে সফর করছিলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের কোনও যোগসূত্র থাকতে পারে। যদিও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া পিস্তলগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং আগরতলায় কার হাতে সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে, তদন্তের স্বার্থে ধৃত যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাঁকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠায়। এই সময়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র উদ্ধারের নেপথ্যে থাকা রহস্য উন্মোচনের চেষ্টা চালানো হবে।



