কৃষ্ণেন্দু পাল নক আউট ফুটবলের ফাইনাল ৬ নভেম্বর

Spread the news

শিরোপার লড়াইয়ে মুখোমুখি কটামণি বাজার ব্যবসায়ী এফসি ও ইভেন এফসি পাথারকান্দি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : জমজমাট ফুটবল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে কৃষ্ণেন্দু পাল নক আউট ফুটবল টুর্নামেন্ট। আগামী ৬ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে কটামণি বাজার ব্যবসায়ী এফসি ও ইভেন এফসি পাথারকান্দি।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শুরু হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হয়ে ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত খাগড়াবাজার, ঝেরঝেরি ও বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তিন রাজ্যের সীমান্তবর্তী লাংটিংবুল বিদ্যামন্দির হাইস্কুলের খেলার মাঠে।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক, জেলা ক্রীড়া আধিকারিক, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সভাপতি, জেলা পরিষদের সদস্য, বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন ফুটবলপ্রেমীদের নজর ৬ নভেম্বরের ফাইনালের দিকে। শেষ হাসি কে হাসবে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *