৪ নভেম্বর : প্রায় দু’দশক আগে কেরালার পূর্ত দপ্তরের সচিব পদে থাকাকালীন একটি রাস্তা নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা দুর্নীতিদমন শাখাকে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভের আবহে কংগ্রেস শাসিত রাজ্যের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কোল্লাম জেলার এক প্রাক্তন ঠিকাদার রাজ্যের ভিজিল্যান্স ডিরেক্টরের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের একটি কাজ করেছিলেন তিনি। সেই কাজের বকেয়া বিল ছাড়ার জন্য জ্ঞানেশ ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। ইঞ্জিনিয়ারেরা অনুমোদন দিলেও, ইচ্ছাকৃত ভাবে বিল বাবদ ১৭ কোটি টাকার চেক আটকে রেখেছিলেন তৎকালীন পূর্ত সচিব। তার ফলে প্রকল্পের কাজের যুক্ত একটি মালয়েশিয়ান সংস্থাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এ সবের কারণে মালয়েশিয়ার ইঞ্জিনিয়ার লি সি বিন আত্মহত্যাও করেন ২০০৬ সালে। লি-র সুইসাইড নোটে জ্ঞানেশের নাম ছিল বলেও দাবি করেছেন ওই প্রাক্তন ঠিকাদার।

অভিযোগকারীর আরও দাবি, এই ঘটনার তদন্তে ভিজিল্যান্স বিভাগ আগে যাঁদের জিজ্ঞাসাবাদ করেছিল, তাঁরা কেউই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নন। এ বার যাতে লি-র পরিবারের সদস্য এবং সংস্থার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হয়, সেই আর্জিও জানান তিনি। এই অভিযোগ পাওয়ার পরেই ভিজিল্যান্স দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের কাছে তদন্তের অনুমতি চায়। সূত্রের খবর, স্বরাষ্ট্র দপ্তর সেই অনুমতিই দিয়েছে।



