শেষ ঘনকান্ত, শিবসাগরে পুলিশের গুলিতে মৃত্যু, আহত এসআই

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : গুয়াহাটির হোটেল বিলাস ইনে পাঁচজনকে গুলি করে হত্যা করার মামলার প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের মৃত্যু হয়েছে। শিবসাগরের ফুলপানিচিগায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

​জানা গেছে, অন্য একটি মামলার তদন্তের স্বার্থে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে ঘনকান্ত গগৈকে শিবসাগর পুলিশ শিবসাগর থানায় নিয়ে যাচ্ছিল। সেই সময় ফুলপানিচিগায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশিস শর্মার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি।

​এই ঘটনায় পুলিশ কর্মকর্তা দেবাশিস শর্মা আহত হন। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। অন্যদিকে, পুলিশের গাড়িতেও তিনটি গুলি লাগে। এর মধ্যে দু’টি গুলি গাড়ির পেছনের দরজা ও বাম্পারে লাগে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দলটি জবাবে গুলি চালায়। পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন ঘনকান্ত গগৈ। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

​অন্যদিকে, আহত পুলিশ কর্মকর্তা দেবাশিস শর্মার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে শিবসাগরের পুলিশ সুপার জানিয়েছেন।

​ঘটনার পরপরই সমগ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে ব্যারিকেড বসিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তার তদারকিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *