এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ভারতীয় পর্যটক

Spread the news

৩ নভেম্বর : নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল এক বিদেশি পর্যটকের। অবতরণের সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে ভেঙে পড়ে দুটি হেলিকপ্টার। মঙ্গলবার সকালে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মৃত পর্যটক ভারতীয় নাগরিক। তাঁর নাম বসন্ত কুমার বলে জানা গিয়েছে। তবে নেপাল প্রশাসনের তরফে এখনও মৃতের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দুটি হেলিকপ্টার একই সময়ে হেলিপ্যাডের দিকে অবতরণের জন্য এগিয়ে আসছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অবতরণের সময় হেলিকপ্টার দুটির রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে উভয় হেলিকপ্টার। এর মধ্যে একটি হেলিকপ্টার মুখ থুবড়ে পড়ায় সেটির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোলুখুম্বু জেলার পুলিশ প্রধান মৌসম তামাং জানিয়েছেন, এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটে। এতে এক বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে এবং অন্তত এক নেপালি নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে, সোলুখুম্বু জেলার সহকারী মুখ্য জেলা আধিকারিক ভূপেন্দ্র থাপা জানিয়েছেন, দুর্ঘটনায় মোট দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে লুকলায় নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *