রয়টার্স-ইপসোস জরিপ
৩ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। ভোটারদের একটি বড় অংশ এবারের নির্বাচনকে রিপাবলিকান প্রেসিডেন্টের বিরোধিতা জানানোর সুযোগ হিসেবে দেখছেন। সোমবার শেষ হওয়া রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপে কংগ্রেসে কোন দলকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখতে চান, এমন প্রশ্নে ডেমোক্রেটিক পার্টির পক্ষে মত দিয়েছেন ৪৬ শতাংশ ভোটার। অন্যদিকে রিপাবলিকান পার্টিকে সমর্থন করেছেন ৩৮ শতাংশ। অর্থাৎ ডেমোক্রেটরা ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। রাজনৈতিক পরিভাষায় এ ধরনের প্রশ্নকে ‘জেনেরিক ব্যালট’ বলা হয়।
তবে ডেমোক্রেটদের এই ব্যবধান আগের সপ্তাহের জরিপের তুলনায় কম। ওই জরিপে রিপাবলিকানদের চেয়ে ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন ডেমোক্রেটরা। জেনেরিক ব্যালটের ফল জাতীয় পর্যায়ে ভোটারদের পছন্দের একটি ধারণা দিলেও অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতা এতে প্রতিফলিত হয় না।

ট্রাম্প সরাসরি নির্বাচনে প্রার্থী না হলেও এবারের ভোটে তাঁর প্রভাব গুরুত্বপূর্ণ। জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ ভোটার বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের কাজের প্রতি তাঁরা সন্তুষ্ট। এক সপ্তাহ আগেও এই হার একই ছিল। তবে দুই সপ্তাহ আগে তাঁর জনপ্রিয়তা ৩১ শতাংশে নেমে এসেছিল, যা জরিপে তাঁর সর্বনিম্ন সমর্থনের রেকর্ড।
নিবন্ধিত স্বতন্ত্র ভোটারদের প্রায় ৫০ শতাংশ জানিয়েছেন, কংগ্রেস নির্বাচনে তাঁদের ভোট ট্রাম্পের বিরুদ্ধে যাবে। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন, তাঁদের ভোট ট্রাম্পের পক্ষে। আর ৩৩ শতাংশ ভোটার জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট কোনো প্রভাব ফেলছেন না।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ও ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ বলেছেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ইস্যুতে কোন দল ভালো করবে, এমন প্রশ্নে ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩২ শতাংশ।
ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্রেটদের মধ্যে উৎসাহও তুলনামূলক বেশি। জরিপে ৪৯ শতাংশ ডেমোক্রেট ভোটার বলেছেন, এবারের নির্বাচনে ভোট দিতে তাঁরা ‘খুবই উৎসাহী’। রিপাবলিকান ভোটারদের মধ্যে এই হার ৩৩ শতাংশ।
রয়টার্স-ইপসোসের সর্বশেষ জরিপে অনলাইনে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭৬৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নিয়েছেন। জরিপের ফল অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় ও ট্রাম্পের প্রতি অসন্তোষ এবারের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



