বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবী মা কালীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত ও সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে সোনাই ব্লক কংগ্রেস কমিটির সহ-সভাপতি বক্তার উদ্দিন লস্করকে আটক করেছে সোনাই থানার পুলিশ। তিনি বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত।
জানা গেছে, কয়েক দিন আগে ফেসবুকে হিন্দু সমাজকে হেয়প্রতিপন্ন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে, এমন একটি পোস্ট করার অভিযোগ ওঠে বক্তার উদ্দিন লস্করের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় জাতীয় যুব মোর্চার পক্ষ থেকে সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ওই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সোনাই থানার পুলিশ তাঁকে আটক করে। বিশেষ সূত্রে জানা গেছে, বক্তার উদ্দিন লস্কর বর্তমানে সোনাই শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্টের মাধ্যমে সোনাই তথা সমগ্র বরাক উপত্যকার দীর্ঘদিনের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ বিঘ্নিত করার কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।



