বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাধামাধব কলেজের কলেজ পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর অনুপকুমার দে। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা বিভাগ বিগত ২০ ডিসেম্বর এক নির্দ্দেশে তাঁকে এই পদে নিযুক্তি প্রদান করেছে। তাঁর এই নিযুক্তিতে শিক্ষানুরাগী মহলে খুশির হাওয়া পরিলক্ষিত হয়েছে। রাধামাধব কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ বিভিন্ন মহল থেকে অনুপ বাবুর নিযুক্তিতে সন্তোষ প্রকাশ করে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার কলেজ কর্তৃপক্ষের তরফে নবনিযুক্ত কলেজ পরিচালন সমিতির সভাপতিকে উষ্ণ সংবর্ধণা জানানো হয়।
এদিকে, রাধামাধব কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে প্রথমবার সমিতির জরুরী কালীন বৈঠকে উপস্থিত থাকতে পেরে আনন্দ অনুভব করছি বলে মন্তব্য করেন অনুপ বাবু। তিনি বলেন, স্থাপনা থেকে শুরু করে আজ অব্দি বরাক উপত্যকার উচ্চশিক্ষা ক্ষেত্রে এই কলেজের অসামান্য অবদানের পরম্পরা রয়েছে। এই কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন পর্যায়ে নিজের স্বকীয়তার ছাপ রেখেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন। পরিচালন সমিতির সভাপতি হিসেবে আমি আজ এদের সকলের অবদানের কথা স্মরণ করছি।

তিনি আরও জানান আমি অত্যন্ত আনন্দিত যে এই পরিচালন সমিতিতে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেন্দু দাস ও লালা রুরেল কলেজের অধ্যক্ষ ড. হীমব্রত চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মনোনীত সদস্য হিসাবে আছেন। সেই সঙ্গে এই কলেজের দাতা পরিবার থেকেও অভিজ্ঞ সদস্য দীর্ঘদিন থেকে কলেজ পরিচালনায় নিজের যোগদান দিয়ে আসছেন। আমি আশা করব তারা সকলে মিলে এবং তৎসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও কলেজ শিক্ষক সমিতির দুজন মনোনীত সদস্য, কলেজের গ্রন্থকারীক, অশিক্ষক কর্মচারীর মনোনীত সদস্য তথা অবিভাবক সদস্যদের নিয়ে এই পরিচালন সমিতি কলেজের সকলের কল্যাণের জন্য কাজ করবে। সভাপতি হিসেবে সকলের সহযোগিতা নিয়ে কলেজের সর্বাঙ্গীণ বিকাশ আমার লক্ষ্য বলে মন্তব্য করেন প্রফেসর অনুপকুমার দে। তিনি আশা ব্যক্ত করে বলেন, আমরা সবাই মিলে এই কলেজকে শুধুমাত্র বরাক উপত্যকা বা আসাম নয়, বরঞ্চ রাষ্ট্রীয় স্তরে তার স্বকীয়তার ছাপ রাখার লক্ষ্যে নিয়ে যেতে পারবো।



