বরাক তরঙ্গ, ১ নভেম্বর : হাইলাকান্দির কাঠিয়াবাবা সেবক সংঘ এক রক্তদান শিবিরের আয়োজন করে। স্থানীয় দে কোল্ড স্টোরেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালী ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতি। এতে দুইজন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সরকারী হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১১-০০টায় প্রথম রক্তদান করেন বৃন্দাবন থেকে আগত শ্রীমৎ সদগুরু দাস কাঠিয়া মহারাজ। এরপর বিকাল তিনটা পর্যন্ত চলে এই রক্তদান প্রক্রিয়া। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বক্তব্য রাখেন সদগুরু দাস কাঠিয়া মহারাজ এবং বিশিষ্ট ব্যাক্তিত্ব মানিক চক্রবর্তী। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। সমাজ সেবার এক অনন্য নিদর্শন রাখলো এই নিম্বার্ক সমাজ।

শিবিরে ব্লাড সেন্টারের পক্ষে ডাঃ অমিত সিনহার তত্ত্বাবধানে রক্ত সংগ্রহে ছিলেন শাহ্ আলম চৌধুরী, মাশুক মজুমদার, এস্টার লালরৌতমাওই, বদরুল ইসলাম মজুমদার এবং সিন্ধু দাস। ফোরামের পক্ষে ছিলেন রঞ্জিৎ ঘোষ, মাধবী শর্মা, নারায়ণ চন্দ্র দাস, আব্দুল জলিল বড়ভুইয়া এবং সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। এছাড়াও সমাজের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।



