পৌরোহিত্য শিক্ষা ও শাস্ত্রচর্চায় কৃতিত্ব, ‘পৌরোহিত্যরত্নম’ সম্মানে ভূষিত করিমগঞ্জের পাঁচ পুরোহিত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর: প্রাচীন সনাতন ধর্মীয় ঐতিহ্য, শাস্ত্রীয় জ্ঞান ও পৌরোহিত্য শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন করিমগঞ্জ জেলার পাঁচ পুরোহিত। পৌরোহিত্য বিষয়ক বিশেষ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ‘পৌরোহিত্যরত্নম’ সম্মানে ভূষিত হয়েছেন করিমগঞ্জ জেলা নাথ রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর পাঁচ সদস্য। তাঁদের এই সাফল্যে সংগঠনসহ জেলার সনাতনী সমাজে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিত্যানন্দ চতুষ্পাঠী (পূজাদি কর্ম ও জ্ঞানকাণ্ড), বীরভূমের উদ্যোগে আয়োজিত পৌরোহিত্য বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রবিবার নদিয়া জেলায় অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সম্মানপ্রাপ্ত পাঁচজন হলেন করিমগঞ্জ জেলা নাথ রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর সম্পাদক নারায়ণ দেবনাথ, শিবম নাথ, রুনুলাল নাথ, কিশোর নাথ ও সুজন নাথ। তাঁদের সঙ্গে ত্রিপুরা থেকে সমাবর্তনে যোগ দেন বিজিত নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধ্যাপীঠের প্রধান পুরোহিত তথা আধ্যাপীঠ বিএড কলেজের অধ্যক্ষ ড. সম্রাট গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী নিত্যানন্দ চতুষ্পাঠীর প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বিবেক ঘোষাল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, করিমগঞ্জ জেলা নাথ রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর উদ্যোগে সম্প্রতি এই পাঁচ তরুণের উপনয়ন সম্পন্ন হয়। এরপর তাঁদের শাস্ত্রীয় জ্ঞান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পৌরোহিত্য শিক্ষার ব্যবস্থা করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে পাঁচজন অত্যন্ত সাবলীলভাবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন। তাঁদের শাস্ত্রসম্মত গীতা পাঠ উপস্থিত অতিথি ও পুরোহিতদের মুগ্ধ করে। সকলেই তাঁদের পরিবেশনার প্রশংসা করেন।

বর্তমান সময়ে প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, বৈদিক আচার-অনুষ্ঠান ও শাস্ত্রীয় জ্ঞানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই সাফল্যে সম্মিলনীর সভাপতি বাবলু নাথ, ধর্মগুরু সুদীপ নাথ-সহ সংগঠনের সদস্যরা পাঁচজনকে অভিনন্দন জানান। সভাপতি বাবলু নাথ বলেন, শাস্ত্রীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাঁচ তরুণের এই সাফল্য আগামী দিনে আরও অনেককে পৌরোহিত্য শিক্ষা ও শাস্ত্রচর্চায় উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *