গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার দুই ছাত্র, কাটলিছড়ায় উত্তেজনা, আটক ১০

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর এবং বরনছড়া থেকে কাটলিছড়া আসার পথে দুই ছাত্রের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যার পর ধলাই চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। আক্রান্ত দুই ছাত্রের নাম জাহিদুল ইসলাম (১৭) ও কায়দুল ইসলাম (১৮)।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইলাকান্দির এসএসপি অমিতাভ সিনহার নির্দেশে ধলাই চা-বাগান এবং গরু চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত সফি আহমদের বাড়ি সংলগ্ন ধলাই দশম খণ্ড এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ধলাই চা-বাগান থেকে কাটলিছড়া আসার পথে ধলাই দশম খণ্ড হয়ে যেতে হয়। তাই পথে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনার তদন্তে নেমে বুধবার দুপুর পর্যন্ত ১০ জনকে আটক করেছে কাটলিছড়া পুলিশ। তাঁদের হাইলাকান্দি পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং মামলার নম্বর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কাটলিছড়া থানার ওসি নিরুপম নাথ আটক ব্যক্তিদের নিয়ে হাইলাকান্দিতে থাকায় প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত রাতের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে কাটলিছড়া সার্কল অফিসের সামনে আচমকা সড়ক অবরোধ করেন একদল ছাত্রছাত্রী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কাটলিছড়া থানার এসআই মাঝারুল ইসলাম এবং কলেজের অধ্যাপক দেবজিৎ দে। তাঁরা অবরোধকারী ছাত্রছাত্রীদের অবরোধ তুলে নিয়ে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ছাত্রছাত্রীদের দাবি, রাতের ঘটনার মূল অভিযুক্তদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।

অন্যদিকে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ১০ জনকে আটক করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *