২৮ অক্টোবর : ঘূর্ণিঝড় অর্ণবের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। সেরাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে ঝড়ের তাণ্ডবে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের খেতে। বহু বাড়িও ভেঙে পড়েছে। এছাড়া ভেঙেছে গাছ এবং বিদ্যুৎ সরবরাহের খুঁটি। সবমিলিয়ে বেশ কয়েকটি জেলায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গাতেই এখনও নেই বিদ্যুৎ সংযোগ।
মঙ্গলবার মধ্যরাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের। ৬ ঘণ্টা ধরে চলেছে ল্যান্ডফল প্রক্রিয়া। অন্ধ্রপ্রদেশের উপকূল কাকিনাদা ও পুদুচেরির ইয়ানামের মধ্যবর্তী অঞ্চলে এর ল্যান্ডফল হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে সংখ্যাটা বেড়েছে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। বিপর্যয় মোকাবিলায় চেয়েছেন কেন্দ্রীয় সাহায্যও। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন চন্দ্রবাবু।





