বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : মরিগাঁও জেলার লাহরিঘাটে আয়োজিত দুইদিনব্যাপী ইস্তেমা মঙ্গলবার আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। লাহরিঘাট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইস্তেমাটি মরিগাঁও জেলা ভিত্তিক আয়োজন করা হয়েছিল। ইস্তেমায় বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। ইস্তেমার সময় ভক্তদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনা করে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থার পাশাপাশি প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

দুই বিশেষ দিনে ইসলামধর্মী লোকদের সঙ্গে অসমের বরেণ্য উলামাগণ এবং তাবলিগি জামাতের জিম্মাদারগণ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্যসমূহ পেশ করেছেন। মঙ্গলবার অন্তিম দিনে ভোরে ফজরের নামাজের পরে মহান আল্লাহর কাছে সকাল ১০টায় বিশ্ব শান্তির জন্য সম্মিলিত দোয়া প্রার্থনা করা হয়। এই ইস্তেমা ঘিরে লাহরিঘাটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।




