নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শিলচরের উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে আর জে মেডিসিটি হাসপাতালের বিপরীতে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোডাউনে বারবার আগুন লাগানোর চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় মণি মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গোডাউনের মালিকপক্ষ। তাঁদের দাবি, গোডাউনে আগুন লাগানোর চেষ্টার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ সংক্রান্ত অভিযোগ জানিয়ে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মালিকপক্ষের অভিযোগ, পরপর চারবার গোডাউনে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। সর্বশেষ গতকাল ভোরেও গোডাউনের পাশে আবর্জনা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোডাউনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ফলে আগুনের ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।

অভিযোগকারীদের আরও দাবি, সংশ্লিষ্ট জমিটি কেনার জন্য অভিযুক্ত ব্যক্তি একাধিকবার চেষ্টা করেছিলেন। এমনকি ২০০৩ সালে একটি বাড়িতে আগুন লাগানোর অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকপক্ষের বক্তব্য, দীর্ঘ কয়েক বছর ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। গোডাউনে বিপুল পরিমাণ মূল্যের সামগ্রী মজুত থাকায় বারবার আগুন লাগানোর চেষ্টার অভিযোগ তাঁদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।



