ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ইউকো ব্যাঙ্কের ম্যানেজারের, পলাতক ভ্যানচালক

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : মিজোরামের ভাইরেংতেতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউকো ব্যাঙ্কের ম্যানেজার এইচ লালরামলিয়ানা (৪২)। তাঁর বাড়ি মিজোরামের মিশন ভেংথলাং এলাকায়। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালরামলিয়ানা ভাইরেংতের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এদিন সকালে তিনি বাইকে করে আইজল থেকে ভাইরেংতের উদ্দেশে রওনা হয়েছিলেন। ভাইরেংতেতে নিজের ভাড়া বাড়িতে পৌঁছনোর কিছুক্ষণ আগে একটি ভ্যানকে (যার চালক অন্য রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে) ওভারটেক করার চেষ্টা করেন তিনি। সেই সময় ভ্যানটি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর একটি ট্রাক তাঁকে পিষে দেয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় লালরামলিয়ানার। দুর্ঘটনার পর ভ্যানচালক পালিয়ে যাওয়ায় এখনও তার সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রাকচালক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভ্যানচালক বিহারের বাগা এলাকা থেকে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহের কাজ করতেন বলে জানা যাচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *