সিনাই শিবিরে যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ১৭, উদ্ধার ২৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : মণিপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ভুয়ো পরিচয়ে সাসপেনশন অব অপারেশনস (SoO) চুক্তির আওতাধীন ক্যাডার হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ অক্টোবর সিনাই ক্যাম্পে এই অভিযান চালানো হয়। অভিযানে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৩৮টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক, বেতার যোগাযোগের সরঞ্জামসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মণিপুর পুলিশের সঙ্গে কিউএটি সিআরপিএফ (QAT CRPF) এবং কোবরা (CoBRA) বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান। সিনাই ক্যাম্পটি কেএনও/কেএনএ (KNO/KNA) এবং কেএনও/কেএলএ (KNO/KLA)-এর নির্দিষ্ট SoO শিবির হিসেবে পরিচিত।

অভিযান চলাকালীন শিবিরে উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র ও পরিচয় সংক্রান্ত নথি যাচাই করা হয়। সেই সময় আটজনের বিরুদ্ধে কেএনএ ক্যাডার সেজে থাকার এবং আরও ন’জনের বিরুদ্ধে কেএলএ ক্যাডার হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ঘটনায় ইয়াপি (YPI) থানায় এফআইআর নম্বর ২০(১০)২০২৬-এ মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), অস্ত্র আইন, ভারতীয় ওয়্যারলেস টেলিগ্রাফি আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ধৃত ১৭ জনকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার পেছনে শিবিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্ভাব্য ভূমিকা, ভুয়ো পরিচয় ব্যবহারের উদ্দেশ্য, অনুমতি ছাড়া আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি এবং SoO চুক্তির নির্ধারিত শর্তাবলি লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *