বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : স্বাধীনতার পর থেকে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারানো অসম পুলিশের ৯০০-রও বেশি কর্মীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার পুলিশ স্মৃতিসৌধ দিবস উপলক্ষে শহিদ পুলিশকর্মীদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাজ্যের বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি এবং জঙ্গি কার্যকলাপ ও অপরাধের হার হ্রাসের পিছনে পুলিশকর্মীদের অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
এদিন শহিদ পুলিশকর্মীদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে মাতৃভূমি অসমের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন ৯০০-রও বেশি অসম পুলিশকর্মী। রাজ্যের জনগণের পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কর্তব্য পালনে আত্মোৎসর্গকারী পুলিশকর্মীদের অবদান অসমের মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এখন সকলের দায়িত্ব।
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রসঙ্গ উল্লেখ করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, পুলিশকর্মীদের আত্মত্যাগের ফলেই আজ অসমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যে জঙ্গি কার্যকলাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং অপরাধের হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যে কোনও মূল্যে রাজ্যের এই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অসম পুলিশের কর্মীদের নিষ্ঠা, সাহস ও কর্তব্যপরায়ণতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুলিশ স্মৃতিসৌধ দিবসে শহিদ পুলিশকর্মীদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি রাজ্যের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।



