২০ অক্টোবর : যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৪ জন যাত্রী। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের নাটোরের বড়াইগ্রামে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলির ছেলে সোহাগ হোসেন (৩০)। অন্য নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল, স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।



