দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাত্ত্বিক পরিবেশের মধ্য দিয়ে বিবেকানন্দ রোডের মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজোর ৫৮তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও পুজো কমিটির উদ্যোগে সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে শারদোৎসবের। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এবারের পুজোয় দু’দিন সপ্তমী পুজোর পর অষ্টমী, নবমী ও বিজয়া দশমী পালিত হচ্ছে। পুজোর চার দিন সকালে দেবীর চরণে অঞ্জলি নিবেদন এবং দুপুরে শতাধিক ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এবারের পুজোর অন্যতম আকর্ষণ ‘স্বচ্ছ ভারত’ থিম। পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা দিতে ভক্তদের কলাপাতায় মহাপ্রসাদ পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি কাঁচের গ্লাসে জল দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

পুজোকে ঘিরে সাংস্কৃতিক উদ্যোগও গ্রহণ করেছে কমিটি। ষষ্ঠীর দিন সন্দীপ চন্দের কণ্ঠে পুজো কমিটির থিম সংগীত প্রকাশ করা হয়েছে। আগামী দশমীর দিন দশমীকে কেন্দ্র করে আরও একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই পুজো আয়োজনে উপস্থিত রয়েছেন কমিটির সভাপতি সন্তোষ রায় চৌধুরী, সম্পাদক প্রীতম নাথ, সহ-সম্পাদক স্বপন কুমার দে, উপ-সভাপতি মিতা চৌধুরী এবং কোষাধ্যক্ষ দ্বিগবিজয় রায়-সহ অন্যান্য সদস্যরা।



