১৯ অক্টোবর : ভারতীয় ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন। পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলীর প্রধান বা প্রধান নির্বাচক হিসেবে প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিসিসিআই। অজিত আগারকরের স্থলাভিষিক্ত হলেন ওঝা (Pragyan Ojha BCCI Chief Selector)। সোমবার ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পূর্বে অন্তর্বর্তীকালীন নির্বাচক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। এবার তাঁকেই পূর্ণমেয়াদি দায়িত্ব দিয়ে পুরুষ নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকর পদত্যাগ করার পর থেকেই এই পদের জন্য যোগ্য বিকল্পের খোঁজ চালনা হচ্ছিল।
অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপের সমন্বয়ে গঠিত বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) কঠোর ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পুরুষ নির্বাচন কমিটির এই নতুন সদস্যদের প্যানেল চূড়ান্ত করে ও সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রজ্ঞান ওঝা প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিটিতে যুক্ত করা হয়েছে ভারতের প্রাক্তন অফস্পিনার রমেশ পাওয়ারকেও। প্রাক্তন স্পিনারদের এই অন্তর্ভুক্তি ভারতীয় পুরুষ দলের নির্বাচক কমিটিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সামনে বড় বড় আন্তর্জাতিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্ট থাকায় প্রজ্ঞান ওঝা ও নতুন প্যানেলের ওপর দল নির্বাচনের দায়িত্ব ও ক্রিকেটপ্রেমীদের নজর দুই-ই থাকবে বেশ চড়া।



