১৯ অক্টোবর : শারদোৎসবের মহাষ্টমীর আনন্দের মাঝেও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। উৎসবের মরসুমে সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই বড়সড় পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার (Stock Market Crash)। সোমবার, ১৯ অক্টোবর এক শতাংশেরও বেশি পতন নথিভুক্ত হয়েছে সেনসেক্স ও নিফটি-৫০ সূচকে। পুজোর শুরুর দিনগুলিতে (দ্বিতীয়া থেকে পঞ্চমী) বাজার বেশ চাঙ্গা থাকলেও, অষ্টমীর দিনে এই ধস বিনিয়োগকারীদের চরম হতাশ করেছে।
এ দিন শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স (Sensex) ৮৭৬.৩৮ পয়েন্ট (১.১৭%) হ্রাস পেয়ে ৭৩,৮৫২.৯০ পয়েন্টে নেমে এসেছে। নিফটি-৫০ (Nifty-50) ২৫৭.২০ পয়েন্ট (১.১১%) পতন ঘটে ২২,৮৮৮.৯৫ পয়েন্টে এসে থেমেছে।
সূচকের এই বড় পতনের জেরে এক ধাক্কায় বিনিয়োগকারীদের পকেট থেকে উবে গিয়েছে প্রায় চার লক্ষ কোটি টাকা। বিএসই (BSE)-তে তালিকাভুক্ত সমস্ত সংস্থার মোট বাজার মূলধন ৪৭২.৬ লক্ষ কোটি টাকা থেকে কমে ৪৬৯ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

আর্থিক বিশেষজ্ঞ মহলের মতে, মূলত তিনটি প্রধান কারণে এদিন বাজার বড় পতনের মুখে পড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ফের মাথাচাড়া দিয়েছে খনিজ তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ১০৮ ডলারে ঘোরাঘুরি করায় মুদ্রাস্ফীতি বা হু হু করে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির কঠোর মুদ্রানীতির কোপ পড়েছে বাজারের ওপর। সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে দেশের একাধিক বেসরকারি ব্যাংক। কিন্তু প্রত্যাশিত ফল না মেলায় অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং ইয়েস ব্যাংকের মতো হেভিওয়েট স্টকগুলির দাম গড়ে প্রায় পাঁচ শতাংশ পর্যন্ত কমেছে। এর টানেই নিফটি ব্যাংকের সূচক এক শতাংশ পতন দেখেছে।
চলতি অক্টোবর মাসে এখনও পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে ৫২,১০০ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ১২ হাজার ৪০২ কোটি টাকার স্টক বিক্রি করেছেন তাঁরা, যা বারবার দেশীয় বাজারকে ধাক্কা দিচ্ছে।



