সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ সেনা, আহত ৩৯

Spread the news

১৯ অক্টোবর : কানাডার আলবার্টা প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন চার সেনা সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাঁদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশিক্ষণ এলাকার কাছে ঘাসে আগুন লাগার পর প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

স্থানীয় সময় শনিবার বিকেলে কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনাকে শান্তিকালীন সময়ে দেশের মাটিতে সামরিক বাহিনীর অন্যতম ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেন।

কানাডার সামরিক বাহিনীর পক্ষ থেকে নিহত চার সেনার পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফারেল, প্রাইভেট এইডান গোল্ডিং এবং প্রাইভেট হেইডেন লাইকমার্ক। চারজনই প্রিন্সেস প্যাট্রিসিয়াস কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রির তৃতীয় ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কী পরিস্থিতিতে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল, তা নিয়ে বিস্তারিত তদন্তের বিষয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

প্রধানমন্ত্রী কার্নি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের হারিয়ে গোটা দেশ শোকাহত। নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান চালান সামরিক ও বেসামরিক দমকলকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *