দুর্গাপূজা উপলক্ষে খোঁজের মানবিক উদ্যোগ, অসহায় মহিলাদের শাড়ি বিতরণ ও অভাবীদের মুখে অন্ন তুলে দিল সংস্থা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। সংস্থার উদ্যোগে গত ১৬ অক্টোবর বিভিন্ন এলাকায় অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি শিশু, বৃদ্ধ-বৃদ্ধা-সহ অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।

শিলচরে সকাল সকাল কাজে বের হওয়া মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে বেরেঙ্গার রবিদাস পাড়া, সকাল ৮টা ৩০ মিনিটে বেতুকান্দি, সকাল সাড়ে ১০টায় নিউ মার্কেট এবং দুপুর ১২টায় দাস পাড়ায় শাড়ি বিতরণ করা হয়। পরে বিকেল ৪টায় সোনাই টাউন ক্লাবের দুর্গাপূজা মণ্ডপে শিশুদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। একই সঙ্গে ৪০ জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অসহায় শিশুদের পোশাক দানের এই উদ্যোগে স্মিথ লস্করও সহযোগিতা করেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত প্রায় ১৫ বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে আসা হচ্ছে। এ বছরও দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর পাঁচটি স্থানে প্রায় ৫০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ওই দিনের খাবারের ব্যবস্থা করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজার নিলোৎপল ধর চৌধুরী, যাঁর বাড়ি অম্বিকাপট্টিতে।

অন্যদিকে, ১৬ অক্টোবরের খাবারের ব্যবস্থা করেন নিলোৎপল ধর চৌধুরী এবং রাতাবাড়ির জায়েদা চৌধুরী। তাঁদের আর্থিক সহযোগিতায় ১৭০ জনেরও বেশি অসহায় মানুষ, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা দুপুরের খাবার গ্রহণ করেন। তাঁদের জন্য ভাত, ডাল, সবজি, ডিম ও মুরগির মাংসের ব্যবস্থা করা হয়।

দুর্গোৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *