মিজোরাম থেকে নিখোঁজ যুবতীর সন্ধান ত্রিপুরার আমবাসায়, সিসিটিভি ফুটেজের সাহায্যে সাফল্য ওয়াইএমএ-র

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মিজোরামের আইজল থেকে প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকা ২৬ বছর বয়সি যুবতী কে. ভানলালাওমপুই (অমৌমী)-র সন্ধান মিলল ত্রিপুরার ধলাই জেলার আমবাসায়। ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর চালতলাং শাখা এবং তদন্তকারীদের যৌথ উদ্যোগে তাঁকে খুঁজে বের করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন আইজলের চালতলাং রুয়াম ভেং এলাকার বাসিন্দা ওই যুবতী। তাঁর সন্ধানে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইরাং রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ তিনি একটি ট্রেনে উঠেছিলেন।

এরপর বিভিন্ন সূত্র ও ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। অবশেষে গত ১৩ অক্টোবর আমবাসায় তাঁর অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হয় ওয়াইএমএ।
যুবতীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দীর্ঘ তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর তাঁর সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।

আন্তঃরাজ্য সমন্বয়, প্রযুক্তির ব্যবহার এবং সিসিটিভি ফুটেজের সহায়তায় এই অনুসন্ধান অভিযানে সাফল্য মিলেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *