সেবা সংকল্প অভিযানে পাথারকান্দি ও লোয়াইরপোয়ায় রাঁধুনি-সহায়িকাকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলা রাঁধুনি-সহায়িকাদের সম্মান জানাল অসম সরকার। সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লকের মোট ১,২৮৮ জন কুক-কাম-হেল্পারের হাতে আর্থিক সহায়তার চেক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার পাথারকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে চেক ও প্রশংসাপত্র তুলে দেন পাথারকান্দির বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা উন্নয়ন ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পিএম পোষণ প্রকল্পের অধীনে বিদ্যালয়ের শিশুদের জন্য নিয়মিত খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়িত্ব পালনকারী এই কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে পাথারকান্দি ব্লকের ৭৬৩ জন এবং লোয়াইরপোয়া ব্লকের ৫২৫ জন কুক-কাম-হেল্পার উপকৃত হয়েছেন। দুই ব্লক মিলিয়ে মোট ১,২৮৮ জন কর্মীর হাতে আর্থিক সহায়তা ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিদ্যালয়ের মধ্যাহ্নভোজ কর্মসূচি বাস্তবায়নে রাঁধুনি-সহায়িকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিশুদের জন্য খাবার তৈরি, সুষ্ঠুভাবে তা পরিবেশন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মতো দায়িত্ব তাঁরা নিষ্ঠার সঙ্গে পালন করেন। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলিতে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে তাঁদের অবদান উল্লেখযোগ্য।

সেবা সংকল্প অভিযানের মাধ্যমে এই কর্মীদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাঁদের আরও উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে নেপথ্যে থাকা এই কর্মীদের সম্মান জানিয়ে অসম সরকারের এই উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *