১৩ অক্টোবর : পঞ্জাবের (Punjab) মানসা জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওষুধের দোকানে অবৈধ মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মাদকবিরোধী কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। ফেসবুক লাইভ চলাকালীনই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা পুরো রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যায়, দোকানদারের হাতে একটি পিস্তল রয়েছে এবং দু’জনের মধ্যে তীব্র তর্কাতর্কি চলছে। পারবিন্দরকে বলতে শোনা যায়— “মার মুঝে, মার মুঝে” (আমাকে মারো, আমাকে মারো)। এছাড়া তিনি দোকানদারকে প্রশ্ন করেন কেন তিনি পিস্তল রেখেছেন। তিনি তাঁর সঙ্গীদের পুলিশকে ডাকতে এবং লোক জড়ো করতে বলেন। দোকানদারকে সিসিটিভি ফুটেজ দেখাতেও বলা হয়। তর্ক চলাকালীনই হঠাৎ দোকানদার গুলি চালিয়ে দেন, যা সরাসরি পারবিন্দরের গায়ে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পরই পারবিন্দরের মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায় এবং ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত দোকানদার পলাতক রয়েছে।




