মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পুতনি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন দুর্গাপূজা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো। পাথারকান্দির বিধায়ক তথা অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে সোমবার এই সহায়তা প্রদান করা হয়।
পুতনি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মন্ত্রীর ব্যক্তিগত সচিব পৃথ্বীশ দাস-সহ দলীয় নেতাকর্মীরা বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সুন্দর পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুতনি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী নমিতা গোয়ালা চাষা-সহ দলের প্রবীণ কর্মকর্তা, বুথ কমিটির সদস্য এবং পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন তাঁদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা উঠে আসে।

উল্লেখ্য, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসব সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। তাই পূজা কমিটিগুলোর প্রস্তুতিতে সহযোগিতা করতে মন্ত্রীর এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিনের অনুষ্ঠানে পূজা কমিটির প্রতিনিধিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসবের দিনগুলিতে প্রতিটি পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরিশেষে মা দুর্গার কাছে পুতনি গ্রাম পঞ্চায়েত-সহ সমগ্র পাথারকান্দি এলাকার মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।



