১০ অক্টোবর : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগ তুলে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তাঁর দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করা হয়। মহালয়ার দিন প্রিজ়ন ভ্যানে বসে মমতা গাইতে থাকেন, ‘জাগো দুর্গা’। গাইলেন ‘সারে জাঁহা সে আচ্ছা’, ‘অ্যায় মেরে বতন কে লোগো’।
মমতার সঙ্গে আটক দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডলরাও। সাউথ অ্যাভিনিউয়ে মমতা তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। সূত্রের খবর, দিল্লি পুলিশের তরফে তাঁকে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী দিল্লি পুলিশ এই মুহূর্তে কোনও রকম ধর্না-অবস্থান, পাঁচজনের বেশি জমায়েতে অনুমতি দেবে না।
মমতাকে ধর্না প্রত্যাহারের কথা বলা হলে তিনি রাজি হননি। এর পরেই দিল্লি পুলিশের ফোর্স এসে তাঁকে প্রিজ়ন ভ্যানে তোলে বলে খবর। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।
রাজধানীর মাটিতে এ দিন পর পর দু’জন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করে দিল্লি পুলিশ। মমতার পাশাপাশি কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করা হয়।




