মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর: ‘সেবা জ্যোতি কলস যাত্রা—বিকশিত ভারতের সংকল্প’কে ঘিরে শ্রীভূমি জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আগামী ৭ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
পরিদর্শনকালে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী-সহ সংশ্লিষ্ট আধিকারিক ও আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে জমায়েত, পদযাত্রার পথ, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কানিশাইল, শ্রীভূমি-করিমগঞ্জ বাইপাস পয়েন্ট সংলগ্ন এলাকা এবং শ্রীভূমি সেটেলমেন্ট পয়েন্ট—এই তিনটি নির্ধারিত স্থান থেকে অংশগ্রহণকারীরা কলস হাতে পদযাত্রা করে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে সমবেত হবেন। পাথারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ, আর.কে. নগর এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার মানুষও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
বিপুল সংখ্যক মানুষের পদযাত্রার ফলে যাতে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন ব্যবস্থায় সমস্যা না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে আগত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ‘সেবা, সংকল্প ও জনভাগীদারি’র বার্তা সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উন্নত ভারতের লক্ষ্যে সাধারণ মানুষের অংশগ্রহণ ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়াই এর মূল উদ্দেশ্য। মন্ত্রীর পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির শেষ মুহূর্তের প্রস্তুতিতে আরও গতি এসেছে। আগামীকাল শ্রীভূমির রাজপথে তিনটি পৃথক স্থান থেকে কলস হাতে পদযাত্রা করে হাজার হাজার মানুষ নীলমণি বিদ্যালয় মাঠে সমবেত হবেন।



