বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : বর্ণাঢ্য শোভাযাত্রা, বাজির শব্দ, নাচ-গান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে হাইলাকান্দির লালা রোডের রবীন্দ্র সরণিতে নিয়ে আসা হলো দুর্গা মায়ের প্রতিমা। ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই শোভাযাত্রায় অংশ নেন। লালা রোডের রবীন্দ্র সরণির ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্লাব অবধূতের দুর্গাপূজা এ বছর ৫০তম বর্ষে পদার্পণ করেছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের দুর্গাপূজাকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক বিশেষ উদ্যোগ। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণ মিশনের মহারাজজির হাত ধরে পূজা মণ্ডপের উদ্বোধন করা হবে।
মহালয়া উপলক্ষে আয়োজন করা হবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০টি শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে শুভ সূচনা হবে। পাশাপাশি পঞ্চমী ও ষষ্ঠীতে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপূজার প্রতিটি দিনই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছে পূজা কমিটি।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্লাব অবধূতের এই বিশেষ আয়োজনে এলাকার জেন-জি প্রজন্মের সক্রিয় অংশগ্রহণও নজর কেড়েছে। তরুণ প্রজন্মের উৎসাহ ও উদ্যোগে এবারের পূজা পেয়েছে নতুন মাত্রা।
পূজা কমিটির পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দুর্গাপূজায় উপস্থিত হয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ এবং পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সুবর্ণজয়ন্তীর এই বিশেষ পূজাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।




